শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়িয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বলে জানান তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক।
একই সঙ্গে মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আসামিপক্ষের করা আবেদনও মঞ্জুর করেন আদালত। তবে পরবর্তী শুনানির তারিখ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারে অংশ নেওয়া এবং এর মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। পরে তিশা যোগাযোগ বন্ধ করে দেন বলে বাদীপক্ষের অভিযোগ।
অ্যাপোনিয়ার প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি নেওয়ার পর অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন আদালত।
পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে গত ১২ জুলাই আদালত তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিশা। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার ওই আদালতে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। একই সঙ্গে নিয়ম অনুযায়ী তানজিন তিশার আত্মসমর্পণ করে জামিন নেওয়ার দিনও নির্ধারিত ছিল।
এ জন্য বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আদালতে উপস্থিত হন তিশা। প্রায় পাঁচ মিনিট পর মামলার শুনানি শুরু হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আসামিপক্ষের আবেদনও মঞ্জুর করা হয়।
মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।