মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

রাস্তায় যুবককে থাপ্পড় দিলেন মন্ত্রী, পাল্টা ধাক্কা যুবকের

রাস্তায় যুবককে থাপ্পড় দিলেন মন্ত্রী, পাল্টা ধাক্কা যুবকের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের নয়াদিল্লিতে রাস্তা নির্মাণের মান দেখতে গিয়ে এক যুবককে প্রকাশ্যে থাপ্পড় মেরেছেন বিজেপির দিল্লি সরকারের পিডব্লিউডি মন্ত্রী প্রবেশ ভার্মা। এর পরপরই ওই যুবকও মন্ত্রীকে ধাক্কা দেন। গত ২৭ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দল আম আদমি পার্টির (এএপি) বিধায়ক জারনাইল সিং ওই সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি বিজেপির মন্ত্রীকে একটি সড়কের নির্মাণকাজের মান দেখাচ্ছিলেন। এ সময় রাস্তার কিছু অংশ হাত দিয়ে টেনে তুলে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ দেখানো হয়।

ঘটনাস্থলে জারনাইল সিং ও প্রবেশ ভার্মার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সময় বিধায়কের সহকারী সাহিব সিং মোবাইল ফোনে পুরো ঘটনা ধারণ করছিলেন। তিনি মন্ত্রীর কাছাকাছি গিয়ে ভিডিও করছিলেন।

এ সময় প্রবেশ ভার্মা হঠাৎ সাহিব সিংয়ের হাত থেকে মোবাইল ফোনটি ফেলে দেন এবং তাকে থাপ্পড় মারেন বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সাহিব সিং মন্ত্রীকে ধাক্কা দেন। পরে উপস্থিত অন্যরা দুজনকে সরিয়ে নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনার পর সাহিব সিং পুলিশের কাছে অভিযোগ করেন। তবে পুলিশ অভিযোগটি আমল-অযোগ্য (নন-কগনিজেবল) হিসেবে নথিভুক্ত করেছে। ফলে এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নিতে হলে ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে এনডিটিভি।

অন্যদিকে প্রবেশ ভার্মার দাবি, ওই যুবক তার পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছিলেন। এ কারণেই তিনি তাকে থাপ্পড় মেরেছেন বলে দাবি করেন মন্ত্রী।

ঘটনার প্রতিবাদে প্রবেশ ভার্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আম আদমি পার্টি (এএপি)।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন