বিশ্বকাপ ফাইনালে মেসিকে জড়িয়ে যে কথা বলেছিলেন ইয়ামাল

২০২৬ বিশ্বকাপের ফাইনাল শেষে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে খুঁজে নেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। শিরোপা জয়ের উচ্ছ্বাসের মধ্যেও মেসিকে জড়িয়ে ধরেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার জানালেন, মেসিকে জড়িয়ে ধরে ঠিক কী বলেছিলেন তিনি।
‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘ফুটবলের জন্য আপনি যা কিছু দিয়েছেন, তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’ মেসির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থেকেই ওই মুহূর্তে তাঁর কাছে ছুটে গিয়েছিলেন বলে জানান ইয়ামাল।
বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে ক্যামেরার সামনে আসার জন্য তিনি মেসিকে জড়িয়ে ধরেননি বলেও স্পষ্ট করেছেন ইয়ামাল। তাঁর ভাষায়, ‘ছবির জন্য সুন্দর দেখাতে আমি কিছু করি না। এটা ভেতর থেকে এসেছিল।’
মেসির সঙ্গে ইয়ামালের সম্পর্কের প্রসঙ্গ উঠলে ফিরে আসে ২০০৮ সালের একটি আলোচিত ছবি। ইউনিসেফের একটি ক্যালেন্ডারের জন্য তোলা ওই ছবিতে শিশু ইয়ামালকে গোসল করাতে দেখা যায় মেসিকে। ছবিটি তখন মেসির সঙ্গে ইয়ামালের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়।
তবে ছবিটি প্রকাশ্যে আসুক, শুরুতে তা চাননি ইয়ামাল। তাঁর বাবা একবার ছবিটি ফেসবুকে পোস্ট করার পর ইয়ামাল সেটি সরিয়ে নিতে বলেছিলেন। কারণ, ছোটবেলার ওই ছবিকে কেন্দ্র করে মেসির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি।
ইয়ামাল বলেন, ‘কারণ আমি তাঁকে সেটা করতে নিষেধ করেছিলাম। তিনি একবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছিলেন এবং আমি তাঁকে সেটা সরিয়ে নিতে বলেছিলাম। তুলনা করা খুব সহজ ছিল, সবাই শুধু সেটাই নিয়ে কথা বলত। আমি লামিনে হতে চেয়েছিলাম, মেসি হতে চাইনি। আমি শুধু নিজের সামর্থ্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি তাঁকে অপেক্ষা করতে বলেছিলাম। যখন আমি লামিনে হয়ে উঠব, তখন যা খুশি করতে পারো।’
মেসির সঙ্গে তুলনার বাইরে গিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছিলেন ইয়ামাল। ২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ফুটবলবিশ্বে তাঁর পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।