মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম

এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ

এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে আরচ্যারিতে বাংলাদেশের পদকের আশা শেষ হয়ে গেছে। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের কোনো আরচ্যার। এর আগে দলীয় ইভেন্টেও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার আরচ্যারির পদক ছাড়াই ফিরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

রিকার্ভ নারী ব্যক্তিগত ইভেন্টে শিমু আক্তার প্যালেস্টাইনের রাশাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন। তবে পরের রাউন্ডে চীনের জুয়ের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নেন তিনি।

বাংলাদেশের হয়ে এ ইভেন্টে আলোচনায় ছিলেন ১৪ বছর বয়সী সায়মা সালাউদ্দিন। প্রথম রাউন্ডে বাই পেয়ে ১/১৬ রাউন্ডে ফিলিপাইনের তাগলে নাইনাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন তিনি। তবে সেখানে ভারতের আনিলের কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হেরে যান।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে আব্দুর রহমান আলিফ ৬-০ সেট পয়েন্টে থাইল্যান্ডের তানাকর্নকে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেন। সেখানে দক্ষিণ কোরিয়ার আরচ্যার লির কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান তিনি। রামকৃষ্ণ সাহা প্রথম রাউন্ডে বাই পেলেও পরের রাউন্ডে কাজাখস্তানের ডাউলেটকেডির কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে বিদায় নেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে রিকার্ভ ইভেন্ট। তাই এবারও এই ইভেন্ট ঘিরে প্রত্যাশা ছিল। তবে দলীয় ও ব্যক্তিগত—দুই ইভেন্টেই সেই প্রত্যাশা পূরণ হয়নি।

বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, “আমাদের এবার দলীয় ইভেন্ট নিয়ে বেশি প্রত্যাশা ছিল। সেখানে একটি ম্যাচ টাইব্রেকারে এবং দুটি ম্যাচ মাত্র এক পয়েন্টের ব্যবধানে হেরেছি। তবে হার তো হারই। ব্যক্তিগত ইভেন্টে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার প্রত্যাশা ছিল, সেটিও পূরণ হয়নি।”

বাংলাদেশের দুই আরচ্যার সরাসরি অলিম্পিকে অংশ নিয়েছেন। রোমান সানা বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকও জিতেছেন। কিন্তু এশিয়ান গেমসে এখনো আরচ্যারিতে বাংলাদেশের কোনো পদক নেই। এবার সেই অপেক্ষা ঘোচানোর আশা থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ হলো না।

মার্টিন বলেন, “এশিয়ান গেমসে ভারত, চীন ও কোরিয়া বেশ শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমাদের নিজেদের প্রতিদ্বন্দ্বিতার মান আরও বাড়ানো প্রয়োজন।”

এদিকে বাংলাদেশের সবচেয়ে কম বয়সী আরচ্যার হিসেবে এশিয়ান গেমসে অংশ নিয়ে সায়মা সালাউদ্দিন আলাদা করে নজর কেড়েছেন। মাত্র ১৪ বছর বয়সে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তাকে নিয়ে এশিয়ান আরচ্যারি অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

সায়মার দলে জায়গা পাওয়া নিয়ে মার্টিন বলেন, “সে ট্রায়াল ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিয়েই দলে জায়গা পেয়েছে। সে প্রতিভাবান। আজ প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে সেটিরই প্রমাণ দিয়েছে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন