ঝটিকা মিছিল-বোমা বিস্ফোরণে গণতন্ত্রের অগ্রযাত্রা থামবে না: গয়েশ্বর

গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী নেতৃত্বের পতন হলেও তাদের রাজনৈতিক চরিত্র ধারণকারী অনেকে এখনো দেশে রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, পটকা ও বোমা বিস্ফোরণের মতো ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। তবে এসব কর্মকাণ্ডের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে তার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে। কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোক এখনো বাংলাদেশে বসবাস করছে। মাঝে মাঝে আমরা এর কিছু আলামত দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, জনজীবন অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোথাও কোথাও ভোরে ঝটিকা মিছিল, পটকা ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে।
বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা এ বিষয়ে সজাগ রয়েছেন জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, যারা গোপনে বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতায় জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব। একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।