কে এই সঞ্জয়? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়ের পারফরম্যান্স এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে মঞ্চে উঠে তিনি শুধু সংগীতই পরিবেশন করেননি, বরং বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়।
শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয় পারফর্ম করেন বলিউড অভিনেত্রী ও শিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’ (Cir Cir), যা প্রকাশের পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষভাবে নজর কেড়েছে সঞ্জয়ের পোশাক। পারফরম্যান্সের সময় তিনি এমন একটি জ্যাকেট পরেছিলেন, যার হাতার অংশে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল। পারফরম্যান্স চলাকালে তিনি বারবার সেই নকশাগুলোর দিকে ইঙ্গিত করে নিজের শেকড় ও বাংলাদেশের পরিচয় তুলে ধরেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মুহূর্তগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শক ও বাংলাদেশিরা সঞ্জয়ের এই উদ্যোগের প্রশংসা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় শৈশবের একটি বড় সময় কাটিয়েছেন চট্টগ্রামে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন।
বাংলাদেশি শিল্পীদের সঙ্গেও তার কাজ ব্যাপক প্রশংসিত হয়েছে। হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গে একাধিক জনপ্রিয় গান তৈরি করেছেন তিনি। এছাড়া বিপিএল ২০২৫-এর থিম সংয়েও ছিল তার অবদান।
বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের পরিচয় তুলে ধরে নতুন এক গৌরবের অধ্যায় রচনা করলেন সঞ্জয়।