ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইস্যুতে উত্তপ্ত রাজধানী, বিক্ষোভে লাঠিচার্জ-টিয়ারগ্যাস

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল ও পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল গ্রাহক। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হলে লাঠিচার্জ, জলকামান ব্যবহার এবং টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে।
সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অংশগ্রহণকারীরা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে সরে যেতে বললে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করা হয়।
ঘটনার পর কিছু সময়ের জন্য আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে আবারও আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে কোনো ধরনের উসকানি ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে এবং এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর পর থেকেই ব্যাংকটির একাংশ গ্রাহক ও সংশ্লিষ্টদের মধ্যে এ নিয়োগ নিয়ে অসন্তোষ দেখা দেয়। তাদের আশঙ্কা, ব্যাংকের পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত ভবিষ্যতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।