বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সৌম্য–শান্তর জুটিতে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

সৌম্য–শান্তর জুটিতে সিরিজ জয়ের পথে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ রানের জুটি গড়ে অপরাজিত আছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আইনে (ডিএলএস) ৪১ ওভারে বাংলাদেশের সামনে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। শুরুতে অবশ্য ধাক্কা খায় স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে ফিরেন ওপেনার তানজিদ হাসান তামিম।

এরপর ক্রিজে নেমে সৌম্য সরকার ও শান্ত ধীরে ধীরে ইনিংস গড়েন। দুজনই এখনো অপরাজিত আছেন—সৌম্য ৩৬ এবং শান্ত ৩৭ রানে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই চাপে পড়ে। তাসকিন আহমেদ ইনিংসের তৃতীয় বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন। এরপর মোস্তাফিজুর রহমান দ্রুত দুই উইকেট তুলে নিলে অজিদের শীর্ষ সারি ভেঙে পড়ে।

২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মাঝের ওভারে তানভীর ইসলামও দুই উইকেট শিকার করেন। এক পর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

সেখান থেকে মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট সপ্তম উইকেটে শতরানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। বার্টলেট ৫২ রান করে তাসকিনের বলে আউট হলে সেই জুটি ভাঙে।

এরপরই বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আর অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামতে পারেনি এবং তাদের ইনিংস ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে শেষ হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন