বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা, শূন্য রানে ফিরলেন তামিম

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা, শূন্য রানে ফিরলেন তামিম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমকে হারিয়েছে স্বাগতিকরা।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।

লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়ান পেসার জাভিয়ের বার্টলেটের করা প্রথম ওভারেই বিপত্তি ঘটে বাংলাদেশের। প্রথম বলে এলবিডব্লিউর জোরালো আবেদন নাকচ হলেও পরের বলেই ফিরতি ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন তামিম।

একই ওভারের শেষ বলে আরেকটি ধাক্কা খেতে পারত বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন অনফিল্ড আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে দেন শান্ত, ফলে বেঁচে যান তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২ রান। নাজমুল হোসেন শান্ত ০ এবং সৌম্য সরকার ১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে। তাসকিন আহমেদ ইনিংসের তৃতীয় বলেই ম্যাথু শর্টকে বোল্ড করে অজিদের চাপে ফেলেন। এরপর মোস্তাফিজুর রহমান দ্রুত আরও দুই উইকেট তুলে নিলে অস্ট্রেলিয়ার শীর্ষ সারি ভেঙে পড়ে।

এক পর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা। সেখান থেকে মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ শতরানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। বার্টলেট ৫২ রান করে আউট হলেও লাবুশেন অপরাজিত ছিলেন ৫৫ রানে।

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমে যায়। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন