মেসির ইনজুরি নিয়ে সর্বশেষ খবর দিলেন কোচ হোয়েস

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার খবর। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় ইনজুরির শঙ্কায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন লিওনেল মেসি।
ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের ৭৩ মিনিটে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে নিজেই বদলির ইঙ্গিত দেন মেসি। এরপর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং তার জায়গায় নামেন মাতেও সিলভেত্তি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ফ্রি-কিক নেওয়ার পর মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরে তিনি হাঁটতে সমস্যা অনুভব করেন বলে জানা গেছে।
তবে ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলের্মো হোয়েস পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দেন। তিনি জানান, এটি গুরুতর কোনো চোট নয়, বরং সতর্কতামূলক সিদ্ধান্ত হিসেবে মেসিকে তুলে নেওয়া হয়েছে।
হোয়েস বলেন, “এখনও কোনো মেডিকেল রিপোর্ট হাতে আসেনি। তবে সে ক্লান্ত ছিল এবং মাঠের অবস্থাও ভালো ছিল না। তাই ঝুঁকি না নিয়ে তাকে বদলি করা হয়েছে।”
বিশ্বকাপ সামনে রেখে এমএলএস এখন বিরতিতে যাচ্ছে। এ অবস্থায় মেসির শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা হয়নি।