বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টারস

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার বাংলাদেশের ক্লাব রাজশাহী স্টারস
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের একটি ক্লাব। বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস আসন্ন আসরের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে।

এএফসি’র নিয়ম অনুযায়ী ১৯ মে ছিল ক্লাব রেজিস্ট্রেশনের শেষ দিন। ওই দিনই রাজশাহী স্টারস অংশগ্রহণের জন্য আবেদন জমা দেয় এবং পর্যালোচনার পর তাদের আবেদন গ্রহণ করা হয় বলে জানা গেছে। ফলে আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতায় এবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে দলটি।

রাজশাহী স্টারস নারী ফুটবলে নতুন হলেও জাতীয় দলের একাধিক তারকা খেলোয়াড়কে নিয়ে তারা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। দলে রয়েছেন ঋতুপর্ণা চাকমা ও রুপনা চাকমাসহ পরিচিত ফুটবলাররা।

প্রথমে এএফসি আসরে অংশগ্রহণ নিয়ে অনাগ্রহ থাকলেও পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে সিদ্ধান্ত পরিবর্তন করে ক্লাবটি। পুরুষ ফুটবলের মতো নারীদের ক্ষেত্রে বিকল্প দল বেছে নেওয়ার সুযোগ না থাকায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলকেই অংশ নিতে হচ্ছে।

রাজশাহী স্টারসের সভাপতি মোখছেদুল কামাল বাবু জানান, তারা দেশের মাটিতে স্বাগতিক হিসেবে খেলার সুযোগ চান এবং সে বিষয়ে বাফুফেকে অনুরোধ জানিয়েছেন।

আগামী আগস্টে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় আসর শুরু হওয়ার কথা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন