বিশ্বকাপ মাতাতে এলো শাকিরার নতুন গান ‘দাই দাই’

বিশ্বকাপের আবহ ছড়িয়ে দিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া গানটি শুক্রবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেয়েছে।
এর আগে এক মিনিট সাত সেকেন্ডের টিজারে গানটির আভাস দিয়েছিলেন শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামকে কেন্দ্র করে নির্মিত এই গানে ফুটবল ও উৎসবের আবহ ফুটিয়ে তোলা হয়েছে।
ফিফা জানিয়েছে, গানটি থেকে অর্জিত রয়্যালটি জমা হবে তাদের ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি টুর্নামেন্ট শেষে এই তহবিলে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ব্যবহার করা হবে।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসর শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের হাফটাইম শোতে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। এর আগে টুর্নামেন্টজুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মাতাবে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের ‘দাই দাই’।
বিশ্বকাপের মঞ্চে শাকিরা নতুন নন। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় থিম সং ‘ওয়াকা ওয়াকা’-র মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। এছাড়া ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করেছিলেন এই তারকা শিল্পী।