বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুপার বোল আদলের হাফটাইম শো

বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুপার বোল আদলের হাফটাইম শো
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচে যুক্ত হচ্ছে জমকালো হাফটাইম শো। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের বিরতিতে মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা, লাতিন সংগীত তারকা শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

বৃহস্পতিবার (১৪ মে) ফিফা আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের বিরতিতেই আয়োজন করা হবে এই বিশেষ হাফটাইম শো।

পুরো আয়োজনটির তত্ত্বাবধানে থাকবেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপকে আরও বৈশ্বিক বিনোদনের মঞ্চে পরিণত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যৌথভাবে এই আসরের আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত বছরের মার্চে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। এবার তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “এটি বিশ্বকাপ ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের জন্য এটি হবে উপযুক্ত আয়োজন।”

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ অনেকটাই আমেরিকান সুপার বোলের আদলে সাজানো হচ্ছে। এর আগে ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বিরতির সময় পারফর্ম করেছিলেন শাকিরা। একইভাবে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও সম্প্রতি হাফটাইম শো আয়োজন করেছিল ফিফা।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপ ফাইনাল ঘিরে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ সাংস্কৃতিক আয়োজন করা হবে। পাশাপাশি এই হাফটাইম শোর মাধ্যমে ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য অর্থ সংগ্রহ করা হবে। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় ১০ কোটি ডলার তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন