ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪৩০

দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সরকারি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং ৫১ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া ভূমিকম্প দেশটির লা গুয়াইরা ও আশপাশের উপকূলীয় এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে বহু স্থাপনা ধসে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়।
শুক্রবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ কিছু এলাকায় প্রবেশ সীমিত করে দেয়, কারণ যানজট ও বিশৃঙ্খলা উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছিল।
উদ্ধারকারী দলগুলোর সীমিত সক্ষমতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দারা নিজেরাই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। মানবিক সংস্থাগুলো সতর্ক করেছে, জীবিতদের উদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লা গুয়াইরায় প্রবেশের জন্য এখন থেকে সরকারি অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। তবে কাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সরকার উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি করলেও স্থানীয়রা বলছেন, অনেক এলাকায় এখনো পর্যাপ্ত উদ্ধারকারী পৌঁছায়নি। এদিকে খাদ্য ও পানি বিতরণ চলছে বলে জানিয়েছে প্রশাসন।
ভেনেজুয়েলা সরকার আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা গ্রহণ করছে বলে জানিয়েছে, তবে ক্ষতিগ্রস্তদের মতে সহায়তা এখনও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।