রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, জানালেন ভালোবাসার কথা

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, জানালেন ভালোবাসার কথা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ঘিরে এ দেশের সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়েই পরিচিত। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল—এই দুই লাতিন পরাশক্তিকে ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ সবসময়ই নজর কাড়ে।

আর্জেন্টিনার সমর্থকদের বড় একটি অংশ যে বাংলাদেশে, তা এখন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনেও আলোচনার বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এই সমর্থনের ব্যাপ্তি আরও ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে খেলোয়াড়রাও বহুবার বাংলাদেশের সমর্থকদের কথা জেনেছেন এবং প্রশংসা করেছেন।

এবার বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর এক সাক্ষাৎকারে বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে।

মিক্সড জোনে তিনি বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। এই দেশটিকে আমি ভালোবাসি। তারা আমাদের জন্য কতটা উন্মাদ, সেটা আমি জানি। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে আমি সেটা দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

তিনি আরও জানান, ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসার সুযোগ হয়েছিল তার। সেই সফরে তিনি সরাসরি বাংলাদেশের মানুষের ফুটবলপ্রীতি ও আর্জেন্টিনার প্রতি আবেগ প্রত্যক্ষ করেন।

মার্টিনেজের মতে, বাংলাদেশের ফুটবল সমর্থকদের এই ভালোবাসা বিশ্বের যেকোনো দেশের জন্যই অনন্য উদাহরণ। তার ভাষায়, এই সমর্থন আর্জেন্টিনা দলকেও বিশেষভাবে অনুপ্রাণিত করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন