বুধবার, ১২ অগাস্ট ২০২৬
Natun Kagoj

মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের

মার্কিন ঘাঁটি নিয়ে নতুন হুমকি ইরানের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৮ জুন) আইআরজিসির নৌ ইউনিট এক বিবৃতিতে দাবি করে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারেনি। একই সঙ্গে তারা হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর প্রতি নির্ধারিত নৌপথ অনুসরণের আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি প্রয়োজন হলে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আইআরজিসি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামায় অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, রয়টার্সকে দেওয়া এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরান থেকে বাহরাইন, কুয়েতসহ কয়েকটি দেশের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সাম্প্রতিক এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।


সূত্র: আল জাজিরা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন