রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম

আগস্টে শুরু রূপপুর বিদ্যুতের গ্রিড সংযোগ

আগস্টে শুরু রূপপুর বিদ্যুতের গ্রিড সংযোগ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। আগামী আগস্টের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘ পরিকল্পনা ও নির্মাণ কাজ শেষে এখন চূড়ান্ত “কমিশনিং ও স্টার্টআপ” পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের আগে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল। এখানে প্রতিটি কারিগরি ও নিরাপত্তা পরীক্ষা ধাপে ধাপে সম্পন্ন করা হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, পারমাণবিক চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে কমিশনিং প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করতে হয়। সব পরীক্ষা সফলভাবে শেষ হলেই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের আগস্টের শেষ দিকে প্রথম পর্যায়ের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এটি বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্প চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব পারমাণবিক শক্তির ব্যবহার কার্বন নির্গমন কমাতে সহায়তা করবে।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই প্রকল্পে দুটি ইউনিট রয়েছে, প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। দীর্ঘমেয়াদে এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন