বাংলায় আসছে চীনের জনপ্রিয় মাইক্রোড্রামা ‘সৌভাগ্যের ছোট্ট তারা’

চীনের জনপ্রিয় মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’ এবার দেখা যাবে বাংলায়। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিরিজটি চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবার এটি বাংলা ডাবিংয়ে দর্শকদের জন্য আনছে দীপ্ত প্লে। আগামী ৩০ জুন থেকে প্ল্যাটফর্মটিতে সিরিজটি দেখা যাবে।
বাংলায় সিরিজটির নাম রাখা হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’। পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর থেকেই নানা ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্রের কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। এতে দত্তক পরিবার থেকে সে অবহেলা ও কষ্টের শিকার হয়।
এক পর্যায়ে সু বাওয়ের মা এক রহস্যময় অশুভ শক্তির কারণে অন্য এক জগতে আটকে পড়ে। মা-কে হারিয়ে সু বাও আশ্রয় নেয় তার মামাদের বাড়িতে, যেখানে সে প্রথমবারের মতো ভালোবাসা ও পারিবারিক উষ্ণতা অনুভব করে।
পরবর্তীতে নিজের অতীত সম্পর্কে জানতে শুরু করে সু বাও এবং ধীরে ধীরে তার প্রকৃত বাবার খোঁজ পায়। এই যাত্রায় তার পাশে থাকে আধ্যাত্মিক গুরু অ্যাঞ্জেল মাস্টার জি। শেষ পর্যন্ত ভালোবাসা ও সাহসের শক্তিতে সে প্রমাণ করে, সে আসলে সৌভাগ্যের প্রতীক—দুর্ভাগ্যের নয়।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে সিরিজটির অনূদিত সংলাপ তৈরি ও সম্পাদনা করেছে দীপ্ত টিভির টিম। কণ্ঠাভিনয়ের তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা।