সারাদেশের ১১ প্রেক্ষাগৃহে মুক্তি পেল বিশ্ববিদ্যালয়জীবনের গল্প ‘অন্যপাতা’

বিশ্ববিদ্যালয়জীবনের প্রেম, টানাপড়েন ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অন্যপাতা’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শুক্রবার থেকে দেশের ১১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান এসজেএ প্রোডাকশন জানিয়েছে, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।
ঢাকায় ‘অন্যপাতা’ দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখা, ব্লকবাস্টার সিনেমাসের যমুনা ফিউচার পার্ক শাখা, লায়ন সিনেমাসের কেরাণীগঞ্জ শাখা ও শ্যামলী সিনেমায়।
এ ছাড়া চট্টগ্রামের বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স ও সুগন্ধা সিনেপ্লেক্স, কুমিল্লা ক্যান্টনমেন্টের কে স্ক্রিন, কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্স, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, বগুড়ার মমো ইন সিনেপ্লেক্স এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউতে চলছে সিনেমাটি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি, পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম ও আত্মপরিচয়ের সন্ধানে একদল শিক্ষার্থীর জীবনের নানা অভিজ্ঞতা উঠে এসেছে ‘অন্যপাতা’য়।
সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন মোহাম্মদ ইফতিখার।
১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে রয়েছে ছয়টি মৌলিক গান। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন। এর চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান।