শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে থাকছেন না টোকিওর রাষ্ট্রদূত দাউদ আলী ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন ইজতেমা ময়দান ব্যবহারে সাদপন্থিদের নিষেধাজ্ঞা বহাল রাখার দাবি হেফাজতের রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ এআই প্রশিক্ষণে সরাসরি ইন্টারনেট ব্যবহার বন্ধ করছে ওপেনএআই ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪টি বই গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, জবাবে যা বললেন অভিনেতা
  • রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

    রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে দোকান বসালে সরাসরি মামলা দায়ের ও মালামাল জব্দ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, অবৈধ দখলদারদের আর অনুরোধ করা হবে না, এবার নেওয়া হবে আইনি ব্যবস্থা।

    শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর মালিবাগে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এদিন ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

    আবদুস সালাম বলেন, সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অন্যতম কারণ অবৈধ হকার ও ভাসমান দোকান। নগরবাসী এ দুর্ভোগ থেকে মুক্তি চান। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান বসানোর সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালে মালামাল জব্দের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক জানান, আগামী সপ্তাহেই সেখানে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে হকার বসতে দেওয়া হবে না।

    ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা চালানো হবে।

    মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে স্টেশনটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    ‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। এ সময় ডিএসসিসি প্রশাসক বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন