ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮৭, মতিঝিলে ৭৮, তেজগাঁওয়ে ১১০, মিরপুরে ২০৬, গুলশানে ৭৮, উত্তরা বিভাগে ৩২ জন এবং স্পেশাল রিজার্ভ ইউনিট (এসআরইউ) ও গোয়েন্দা বিভাগে চারজন করে রয়েছেন।
অভিযানে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা ও ৪৯৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, চারটি ব্যাটারিসহ একটি অটোরিকশা এবং নগদ ৩২ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়।
পুলিশ আরও ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা, গাঁজা ভর্তি কলকি ও কাটার উদ্ধার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।