ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৩ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, রমনা বিভাগে ৪৮ জন, গুলশান বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।