ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হামের উপসর্গে একজনের মৃত্যু

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা গেছে ৯৯৭ জনের মধ্যে, যাদের মধ্যে ৯৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি ও হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩২০ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ২২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৬৫ জনে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২১২ জনের। হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০১ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৯২ হাজার ৬৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১১০ জন।