ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১৪ দিনে মারা গেছেন ৮৬ জন। মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৮৩০ জন। সব মিলিয়ে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।