হাম ও উপসর্গে আরও ২ মৃত্যু, মোট মৃত ১ হাজার ১৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৯ জন, চট্টগ্রামে ২৭২ জন, সিলেটে ১৪৪ জন, বরিশালে ১৩৭ জন, খুলনায় ১১৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৩২ জন এবং রংপুরে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।