হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১২৭৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭৩ জন রোগী হাসপাতালে এসেছেন। রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে এসেছেন ঢাকা বিভাগে, ৫১৯ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৪০ জন, বরিশালে ১২১ জন, খুলনায় ৮৫ জন, ময়মনসিংহে ৭৮ জন, রংপুরে ৫০ জন এবং রাজশাহীতে ৩৭ জন রোগী হাসপাতালে এসেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৪২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।