হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ জনে।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫২৮ জন, চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১০৪ জন, বরিশালে ৮৩ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৪২ জন, রংপুরে ৩০ জন এবং রাজশাহীতে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৪৪৮ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৩২৮ জনের হাম নিশ্চিত হয়েছে।