যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। এ ঘটনায় সাময়িকভাবে ঢাকার বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়।
বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, উড়োজাহাজটির অবতরণের জন্য রানওয়ে ফাঁকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ রাখার কথা ছিল।
জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। দুপুর আড়াইটায় অবতরণের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে প্রায় ৪০ মিনিট চক্কর দিয়ে বিকেল ৩টা ১০ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর এক বার্তায় জানায়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়েছিল। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে অবতরণ করেছেন।
ফ্লাইটটিতে কতজন যাত্রী ছিলেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে বলে সূত্র জানিয়েছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি।