তুরস্কের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক

তুরস্কের পার্লামেন্টের স্পিকার ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুরস্কের পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন যাত্রার জন্য অভিনন্দন জানান নুমান কুরতুলমুশ। এ প্রক্রিয়ায় জামায়াতে ইসলামীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।
জবাবে ডা. শফিকুর রহমান বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রগতি এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এ সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
রোহিঙ্গাদের প্রতি তুরস্কের ধারাবাহিক সহযোগিতা ও মানবিক ভূমিকার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াতের আমির। এ সময় তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশে লেখা একটি চিঠি স্পিকার নুমান কুরতুলমুশের হাতে তুলে দেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান শফিকুর রহমান।
এ ছাড়া অর্থনীতি, সংসদীয় কার্যক্রম, শিক্ষা, প্রযুক্তি, শিল্প-সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশাও জানান তাঁরা।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান এবং চিকিৎসক এসএম খালিদুজ্জামান।