প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা নেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩টায় পুনর্নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রসহ অন্যান্য আনুষঙ্গিক তথ্য পরীক্ষার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।