মক্কা ও মদিনায় হামলার ঘটনা ঘটলে সৈন্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ: হুমায়ুন কবির

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় কাজ করতে বাংলাদেশের বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরব চাইলে দেশটিতে সৈন্য পাঠানোর বিষয়েও বাংলাদেশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএস) আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বর্তমান বাস্তবতায় দুই দেশের সম্পর্ককে বহুমুখী করে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে উন্নীত করা প্রয়োজন।
তিনি বলেন, পবিত্র মক্কা ও মদিনায় হামলার ঘটনা ঘটলে কোনো ধরনের আপস করা হবে না। সৌদি আরবের অনুরোধ এলে সৈন্য পাঠানোর প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের বাহিনী ভূমিকা রাখতে প্রস্তুত বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
সেমিনারে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফর করবেন।
বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের সম্ভাবনা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, নিরাপত্তা ও ওষুধশিল্পসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর আশা, দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর মাধ্যমে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ আরও বড় ভূমিকা রাখতে পারবে।