উপাচার্যকে ভবনে রেখেই ফটকে তালা দিলেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভেতরে রেখেই উপাচার্য ভবনের ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভবন ত্যাগ না করায় সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর তারা এ কর্মসূচি পালন করেন। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এর আগে দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছাড়ার আলটিমেটাম দিয়েছিলেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দেন তারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সময়সীমা পার হওয়ার পর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন এবং ফটকে তালা দেন।
অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এত দিন তিনি সরাসরি ক্যাম্পাসে যেতে পারেননি।
এদিকে, ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকেই শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।