স্ত্রীর জন্মদিনে আবেগঘন পোস্ট, ইকরার কাছে ক্ষমা চাইলেন জাহের আলভী

চলতি বছরের শুরুর দিকে মারা যান ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খানের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান আলভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইকরার জন্মদিন। বিশেষ এই দিনে প্রয়াত স্ত্রীকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জাহের আলভী। সেখানে স্ত্রীর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণের পাশাপাশি নিজের বর্তমান জীবন, সন্তানকে বড় করে তোলার দায়িত্ব এবং স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।
ইকরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলভী লেখেন, “শুভ জন্মদিন ইকরা। তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।”
স্ত্রীর অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, ইকরা থাকলে হয়তো এই সময়টায় তিনজন মিলে কেক কেটে আনন্দ করতেন। তাঁর ভাষায়, ইকরার অনুপস্থিতি তাঁকে যেমন ভাবায়, তেমনি তাঁদের সন্তান রিযিককেও হয়তো ভাবায়।
পোস্টে ইকরার কাছে ক্ষমা চেয়ে আলভী বলেন, স্ত্রীর মৃত্যু হলেও তিনি স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন। খাওয়া-দাওয়া, গোসল, গান শোনা, আনন্দের মুহূর্তে হাসা, শুটিং করা এবং জীবিকার প্রয়োজনে ছোটাছুটির পাশাপাশি সন্তান রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা করছেন তিনি।
আলভী লেখেন, ইকরার মৃত্যুর পরও তাঁর জীবন থেমে না যাওয়ায় অনেকে প্রশ্ন তুলছেন। কেন তিনি গান শুনছেন, ছবি প্রকাশ করছেন, শুটিং করছেন কিংবা সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন—এমন নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, কেউ কেউ প্রত্যাশা করছেন, স্ত্রীর মৃত্যুতে তিনি যেন পুরোপুরি ভেঙে পড়েন এবং স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে দেন।
ইকরার মৃত্যুকে ঘিরে কিছু মানুষের কর্মকাণ্ড নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আলভী। তাঁর অভিযোগ, ইকরা জীবিত থাকতে যাঁদের তাঁদের সংসারে দেখা যায়নি, তাঁদের কেউ কেউ এখন ইকরাকে ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন করছেন। বিশেষ করে তাঁদের সন্তান রিযিককে সামনে রেখে যাঁরা সহানুভূতি প্রকাশ করছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্ত্রীকে স্মরণ করে আলভী আরও লেখেন, ইকরার সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কটি ছিল খুব প্রিয়। বর্তমানে নিজেকে, পরিবারকে এবং সন্তানকে সামলানোর পাশাপাশি রিযিকের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। এ দায়িত্ব পালনের জন্যও স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা।
পোস্টের শেষাংশে ইকরার সঙ্গে আবার দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আলভী। তিনি জানান, নামাজের পর মোনাজাতে ইকরা তাঁর স্মরণে থাকেন। সন্তানের মা হিসেবে ইকরা তাঁর জীবনের অংশ হয়ে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাঁদের সন্তান রিযিকের জন্য দোয়া করতে এবং তাদের ভালো রাখতে ইকরার প্রতি আবেগঘন আবেদন জানান আলভী।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।