একসঙ্গে বিমানে করে কোথায় যাচ্ছে শাকিব-মিথিলা

বিমানে পাশাপাশি বসে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। নতুন কোনো সিনেমার শুটিংয়ে তাঁরা একসঙ্গে বিদেশে যাচ্ছেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয় ভক্তদের মধ্যে।
তবে নতুন সিনেমার শুটিং নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন এই দুই তারকা। মিথিলার ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, নিউইয়র্কে অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা ছেড়েছেন তাঁরা। ইতোমধ্যে সেখানে পৌঁছানোর কথাও জানিয়েছেন মিথিলা।
বিমানে তোলা কয়েকটি ছবির পাশাপাশি অনুষ্ঠানের আনুষ্ঠানিক পোস্টারও প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আগুন আর এলিনা আসছে ঢালিউড অ্যাওয়ার্ডে, দেখা হচ্ছে নিউইয়র্কে!’
মিথিলার এই পোস্টে উল্লেখ করা ‘আগুন’ ও ‘এলিনা’ নাম দুটি এসেছে ‘রকস্টার’ সিনেমা থেকে। ছবিটিতে শাকিব খান অভিনয় করেছিলেন আগুন চরিত্রে, আর মিথিলার চরিত্রের নাম ছিল এলিনা।
আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির এভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। শোটাইম মিউজিক আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন শাকিব খান। একই মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে তানজিয়া জামান মিথিলারও।
দুই তারকার একসঙ্গে নিউইয়র্ক যাত্রা ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও, তাঁদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সফরের উদ্দেশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়া।