১৫ বছর পর আবারও পর্দায় শাহরুখ-কারিনা

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। ‘ছম্মক ছাল্লো’ ও ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।
শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। জানা গেছে, শচীন-জিগারের সুর করা গানটির সম্ভাব্য নাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করার কথা রয়েছে শাহরুখ ও কারিনার।
সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বড় পরিসরে নির্মাণ করা হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংগীত তারকার কণ্ঠও থাকতে পারে। গানটিতে শাহরুখ ও কারিনাকে ভিন্ন লুকে দেখা যাবে বলে জানা গেছে।
নির্মাতাদের প্রত্যাশা, গানটি চলতি বছরের অন্যতম আলোচিত গান হয়ে উঠবে। একই সঙ্গে ‘কিং’ সিনেমার অন্যতম বড় চমক হিসেবেও এটি দর্শকদের সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শাহরুখের সঙ্গে এর আগে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘রা.ওয়ান’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন কারিনা। এ ছাড়া ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও দেখা গেছে তাকে। দীর্ঘ বিরতির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার খবরে উচ্ছ্বসিত ভক্তরা।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে ‘কিং’। প্রায় ৩৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটিতে প্রধান চরিত্রে রয়েছেন শাহরুখ খান। সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ তার মেয়ে সুহানা খান। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।
‘কিং’-এ দীপিকা পাড়ুকোনের পাশাপাশি খলনায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। আরও রয়েছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা রয়েছে।