সোনিয়া গান্ধীর বায়োপিকে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচির

ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচির সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামে একটি বায়োপিকের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের আইনি নোটিশসহ নানা জটিলতায় শেষ পর্যন্ত সিনেমাটি নির্মিত হয়নি। প্রায় দুই দশক পর আবারও সোনিয়া গান্ধীকে নিয়ে বায়োপিক তৈরির উদ্যোগ সামনে আসায় পুরোনো সেই পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে চিত্রনাট্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ২০১২ সালে মনিকা বেলুচি জানান, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি প্রকল্পটি থেকে সরে আসেন। সিনেমাটি না হওয়ার পেছনে অন্য কারণের কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন বায়োপিক নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। সোনিয়ার সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। তেলুগু ও হিন্দিসহ একাধিক ভাষায় এটি নির্মাণের কথা ভাবা হচ্ছে। জগ্গা রেড্ডি জানিয়েছেন, সিনেমাটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হবে না।
তাঁর পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা-সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।
কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ উদ্যোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে বিজেপি নেতা রাম কদম পরিকল্পনাটিকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সিনেমাটি যেন সত্যনিষ্ঠ ও বাস্তবসম্মত হয়, সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
জগ্গা রেড্ডির ভাষ্য অনুযায়ী, সোনিয়া গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিনেমায় তুলে ধরা হবে। ইতালিতে তাঁর বেড়ে ওঠা, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে জীবনযাপন এবং ইন্দিরা ও রাজীব গান্ধীকে হারানোর শোকের পাশাপাশি দুই সন্তানকে বড় করে তোলার গল্প থাকবে এতে।
রাজনীতি থেকে দূরে থাকা সোনিয়ার সক্রিয় রাজনীতিতে যোগদান, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে মনমোহন সিংকে ওই দায়িত্ব দেওয়ার ঘটনাও সিনেমায় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি মনমোহন সিং ও রাহুল গান্ধীর সঙ্গে তাঁর রাজনৈতিক ভূমিকা এবং গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস) প্রণয়নের বিষয়টিও তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
তবে সিনেমাটির পরিচালক ও অভিনয়শিল্পী কারা থাকবেন, কবে শুটিং শুরু হবে কিংবা সোনিয়া গান্ধীর সম্মতি পাওয়া গেছে কি না—এসব বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ফলে বায়োপিক নির্মাণের উদ্যোগটি আপাতত পরিকল্পনার পর্যায়েই রয়েছে।
সোনিয়া গান্ধী সম্পর্কে
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে জন্মগ্রহণ করেন সোনিয়া গান্ধী। ১৯৬৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করে তিনি ভারতে আসেন। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হওয়ার পর কয়েক বছর রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি। পরে ১৯৯৮ সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন দলটির সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাঁর সন্তান।