লাল শাড়ি-সোনালি গয়নায় নজর কাড়লেন পূর্ণিমা

কনে সাজে নতুন লুকে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তাঁর ব্রাইডাল লুকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। দুই দিনে ভিডিওটি দেখা হয়েছে ২২ লাখবার।
এক মিনিটের ভিডিওতে গাঢ় লাল শাড়ি, সোনালি নকশার কাজ করা পাড় ও matching ওড়নায় দেখা গেছে পূর্ণিমাকে। কপালে টিকলি, গলায় একাধিক সোনালি গয়না, কানে দুল এবং হাতে লাল-সোনালি চুড়িতে সাজ পূর্ণ করেছেন তিনি। পরিপাটি মেকআপে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী কনের সাজ।
লাল পর্দা ও ঝাড়বাতির আবহে ধারণ করা ভিডিওতে কখনো ওড়নার আড়াল থেকে হাত বাড়িয়ে, আবার কখনো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কনের আভিজাত্যের শিল্প। প্রতিটি ফ্রেমেই যেন সৌন্দর্য।’
ভিডিওটি দেখে ভক্তরাও তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, এই বয়সেও এত সুন্দর থাকার রহস্য কী।
প্রায় তিন দশকের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তাঁকে তুলনামূলক কম দেখা যাচ্ছে। সর্বশেষ ২০২৪ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এর আগে ২০২৩ সালে কাজল আরেফিন অমির ‘হোটেল রিলাক্স’ ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে।