ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৬৭৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬। এর মধ্যে নভেম্বরে ২০ দিনে মারা গেছেন ৯৭ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৪৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৫, খুলনায় ২২৭, রাজশাহীতে ১৪৬, বরিশালে ১৪৫, ময়মনসিংহে ৯৩ এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।