আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: গোলাম পরওয়ার

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। এমনকি সন্ত্রাসীদের ভয়ে পুলিশের থানা ছেড়ে পালানোর ঘটনাও ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ, গাছপালা কাটা, বাড়িঘরে আগুন ও হাসপাতালে ভাঙচুরের মতো ঘটনা ঘটাচ্ছেন। বিরোধী দলের নেতাকর্মীরাও তাঁদের হামলার শিকার হচ্ছেন। দুটি থানায় অগ্নিসংযোগের কারণে কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, দলটির শাসনামলে হত্যা, গুম, ক্রসফায়ার ও নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। পিলখানা, শাপলা চত্বর এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগও তুলে ধরেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গাড়ি পোড়ানো, বাড়িঘরে আগুন দেওয়া ও মানুষ হত্যা করে জনসমর্থন পাওয়া যায় না। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অস্ত্রসদৃশ দেশীয় সরঞ্জাম নিয়ে যে তৎপরতা দেখাচ্ছেন, তা জঙ্গিবাদের চেয়ে কম নয়।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতায় আসার পরও সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার সন্ত্রাসও নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।
বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দেওয়ার অভিযোগও করেন গোলাম পরওয়ার। তাঁর দাবি, সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজন এখনো অবস্থান করছেন। মন্ত্রিসভায়ও আধিপত্যবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিরা রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
ভারতের সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর অতীত কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীকে এসব বিষয়ে খোঁজ রাখতে হবে।
তবে সরকারকে ব্যর্থ দেখতে চান না জানিয়ে তিনি বলেন, জামায়াত সরকারকে পদত্যাগের আহ্বান জানায়নি। বরং ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।
জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে মানুষ জীবন দিয়েছে। জুলাই সনদ ছিল সেই ঐক্যের মূলমন্ত্র। কিন্তু সরকার সনদটিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেন তিনি।