চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি ১১,৯০০ টাকা

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করেছে সরকার। একই খাতের কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। আর শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
গত সপ্তাহে শ্রমিক ও কর্মচারীদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।
নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মাসিক মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা। এ ছাড়া চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা।
শ্রমিকদের সব গ্রেডেই চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা মিলিয়ে মোট ২ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্য গ্রেডগুলোর মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডে চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদে কর্মরত শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।
অন্যদিকে কর্মচারীদের জন্য রাখা হয়েছে চারটি গ্রেড। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন।
এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।