বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার।
বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাব পেয়েছেন। তবে এসব খেতাবের চেয়েও বড় অর্জন হলো স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য শহীদ হয়েছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাঁরা সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার। তাঁদের প্রতি বীরোচিত অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সশস্ত্র বাহিনী দিবসে তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের প্রতি নিজের দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, ‘এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য আমাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।’
বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে সিদ্ধান্তটির গুরুত্ব প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, সময়ের নিয়মে অনেক মুক্তিযোদ্ধা আজ বয়সের ভারে ক্লান্ত। কিন্তু জীবনসায়াহ্নেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি অম্লান।
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ নেয়, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।