স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান এক: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।
স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরেন তিনি। রিজভী বলেন, তারেক রহমানও বর্তমানে সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।
সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রধান শক্তি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন।
নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রিজভী বলেন, যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে, তাদের দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছে বলেও জানান তিনি।
রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি বিজয়নগর হয়ে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।
র্যালিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।