গোপালগঞ্জে আরও ৭ প্লাটুন আনসার মোতায়েন, জেলায় মোট ১৫

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে সাত প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলাটিতে দায়িত্ব পালন করছেন মোট ১৫ প্লাটুন আনসার সদস্য।
শনিবার (২১ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্পদের নিরাপত্তা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম সচল রাখতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সাত জেলায় মোট ৪৯ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জে ১৫, গাজীপুরে ১৩, ফরিদপুরে পাঁচ, নারায়ণগঞ্জে চার, খুলনায় চার, মাদারীপুরে চার এবং শরীয়তপুরে চার প্লাটুন।
মোতায়েন করা সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছেন তাঁরা।
নাজমুস সাকিব জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত সাড়া দেওয়ার প্রস্তুতিও রয়েছে। সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দায়িত্ব পালনে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সর্বোচ্চ সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।