নড়াইলে সাবেক এমপির বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-আগুন

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার পর উত্তেজনার জেরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দুই নেতার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ লোকজন বাড়িঘরে হামলা চালান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য প্রতিরোধের দাবিতে কালিয়ায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ করেন। তাঁদের বহর বেন্দারচরের বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
দুই নেতার মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তত ৫০টি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। শুক্রবার বিক্ষুব্ধ লোকজন কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।