ইয়েমেনে সৌদি বিমান হামলায় ১১ শিশুসহ নিহত ৪১

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। তবে হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে শুক্রবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। প্রতিবেদনে হামলার স্থান উল্লেখ করা হয়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, একই দিন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্র ও বন্দরে হামলার দাবি করেছে হুথি বাহিনী। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী জানান, তাঁদের যোদ্ধারা আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জাজান বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছেন। এতে সৌদির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশ ও লোহিত সাগরের উপকূলীয় শহর মোখায় বিদ্যুৎকেন্দ্রে সৌদি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানান হুথি মুখপাত্র।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, জাজান লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানায়নি জোট।
ইয়েমেনে হুথি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই এসব হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটল।