ইরান যুদ্ধে ব্যক্তিগত সমর্থন ছিল না, ইঙ্গিত ভ্যান্সের

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে ব্যক্তিগতভাবে তাঁর সমর্থন ছিল না—এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তাঁর হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে ইরানে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতেন কি না, এমন প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি তিনি।
শুক্রবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভ্যান্স। এ সময় সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না।
জবাবে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ভ্যান্স বলেন, ‘ফেব্রুয়ারিতে ইরানে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তটি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। আর আমার কাজ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করা।’
ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, অর্থমন্ত্রী স্কট বেসেন্টসহ অন্য কর্মকর্তারা প্রকাশ্যে ইরানে মার্কিন সামরিক অভিযানকে সমর্থন করলেও ভ্যান্সকে তেমন অবস্থানে দেখা যায়নি। বরং চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির খারাপ ফলের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন তিনি।
গত ৪ নভেম্বর নির্বাচনের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভ্যান্স বলেন, নির্বাচনে তাঁদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পও একই কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি। ভ্যান্স প্রশ্ন তোলেন, এই যুদ্ধের কারণে আগামী ছয় বছরের জন্য সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর মূল্য দেওয়া কতটা যুক্তিসংগত। যাঁরা মনে করেন, যুদ্ধের স্বার্থে এমন মূল্য দেওয়া যথার্থ হয়েছে, তাঁদের কাছে এর পক্ষে যুক্তি চান তিনি।
শুক্রবারের সংবাদ সম্মেলনে ভ্যান্সের মন্তব্যের পর ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্টের অবস্থানে তিনি অসন্তুষ্ট নন। তবে তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত ছিল। সেটি হলো, ইরানে হামলা প্রয়োজনীয় ছিল এবং ভ্যান্স নিজেও একই সিদ্ধান্ত নিতেন—এ কথা স্বীকার করা।
ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনে কাজ করা ব্যক্তিদের নিজস্ব মতামত রাখার অধিকার রয়েছে। তবে ইরানিদের সম্পর্কে তাঁর মন্তব্য, ‘আমি ইরানিদের চিনি—সত্যি বলতে, তারা পাগল।’
এরপর সাংবাদিকেরা ভ্যান্সের কাছে জানতে চান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পরও ইরান যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা রয়েছে কি না। এবারও সরাসরি সামরিক অভিযানের পক্ষে অবস্থান না নিয়ে ভ্যান্স বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁর ভাষ্য, ইরান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়া সবচেয়ে বড় শক্তি। দেশটির হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এমনকি সেই অস্ত্র দিয়ে হাজার হাজার বা লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করার আশঙ্কাও রয়েছে।
ভ্যান্স আরও বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের এবং ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি আবারও একই ধরনের পদক্ষেপ নিতে পারেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সমর্থন করাই তাঁর লক্ষ্য ও দায়িত্ব।
দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত ভ্যান্স শান্তি আলোচনায় ওয়াশিংটনের প্রধান প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গ্রীষ্মকালে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেছিলেন, যদিও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে যায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের কট্টরপন্থী নেতাদের কাছে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগও নিয়েছিলেন তিনি। তবে ভ্যান্সের নির্বাচনী ফলাফল নিয়ে মন্তব্যের পর ট্রাম্প ওই আলোচনা প্রক্রিয়া বন্ধ করে দেন এবং তাঁকে অভ্যন্তরীণ নীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে।’
সূত্র: রয়টার্স