রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

ইসলামাবাদে ৮০০ কেজি গাধার মাংসসহ বিভিন্ন প্রাণী উদ্ধার

ইসলামাবাদে ৮০০ কেজি গাধার মাংসসহ বিভিন্ন প্রাণী উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০০ কেজি গাধার মাংস এবং বিভিন্ন প্রজাতির জীবিত ও মৃত প্রাণী উদ্ধার করেছে দেশটির খাদ্য কর্তৃপক্ষ। উদ্ধার করা প্রাণীর মধ্যে রয়েছে গাধা, কুকুর, শিয়াল, কচ্ছপ ও প্যাঙ্গোলিন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ নভেম্বর ইসলামাবাদের সেক্টর ডি-১৪ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ইসলামাবাদ খাদ্য কর্তৃপক্ষ (আইএফএ) ও পুলিশের একটি দল।

অভিযানে ৮০০ কেজি গাধার মাংস, একটি মৃত গাধা, ১২টি জীবিত গাধা, পাঁচটি কুকুর, ১৭টি কচ্ছপ, একটি শিয়াল এবং একটি প্যাঙ্গোলিন উদ্ধার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) এসব প্রাণী ও মাংস জব্দের বিষয়টি জানায় কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, বাড়ির বাসিন্দারা সেখানে মাংস প্রক্রিয়াজাত বা সংরক্ষণের জন্য কোনো বৈধ লাইসেন্স কিংবা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেননি। এ ছাড়া স্থাপনাটিতে স্বাস্থ্যবিধি ও খাদ্যনিরাপত্তার নিয়ম গুরুতরভাবে লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানা যায়নি। তবে বাড়িটির বাসিন্দাদের বিরুদ্ধে ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ফুড সেফটি অ্যাক্ট, ২০২১-এর ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় রাজধানীর গোলরা থানায় মামলা করেছে আইএফএ।

ইসলামাবাদে এ ধরনের অভিযান নতুন নয়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে তারনোল এলাকায় অভিযান চালিয়ে ৫০টির বেশি গাধা এবং বিপুল পরিমাণ সন্দেহজনক অবৈধ মাংস উদ্ধার করা হয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন