মৃত্যুর পর সম্পত্তি পরিবারের নয়, জনকল্যাণে দিতে চান রজনীকান্ত

চার দশকের বেশি সময় ধরে অভিনয় দিয়ে দর্শক মাতিয়ে রেখেছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত। একসময় জীবিকার প্রয়োজনে বাস কন্ডাক্টরের কাজ করলেও কঠোর পরিশ্রম ও অভিনয়দক্ষতায় তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা। গড়েছেন বিপুল সম্পদও।
তবে মৃত্যুর পর সেই সম্পদের বড় অংশ পরিবারের সদস্যদের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করতে চান এই অভিনেতা। এ জন্য নিজের একটি গুরুত্বপূর্ণ সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রজনীকান্তের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তামিলনাড়ুর মানুষের প্রতি তাঁর কৃতজ্ঞতা। অভিনেতার মতে, রাজ্যটির মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই তাঁদের কল্যাণেই নিজের অর্জিত সম্পদ ব্যয় করতে চান তিনি।
এই পরিকল্পনার সঙ্গে জড়িয়ে আছে চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রজনীকান্তের রাঘবেন্দ্র মণ্ডপম। প্রায় সোয়া একর জায়গাজুড়ে বিস্তৃত এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের নানা স্মৃতি।
১৯৮৯ সালে ভবনটি নির্মাণ করেন রজনীকান্ত। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছিলেন তিনি। বিভিন্ন সময়ে ভক্তদের সঙ্গে বৈঠক ও নানা আয়োজনেরও সাক্ষী এই ভবন। একপর্যায়ে এটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনার কথা শোনা গেলেও এখনো কোদামবাক্কামে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র মণ্ডপম।
জানা গেছে, রজনীকান্তের উইল অনুযায়ী, তাঁর মৃত্যুর পর ভবনটির পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে হস্তান্তর করা হবে। ওই ট্রাস্টের মাধ্যমে তামিলনাড়ুর সাধারণ মানুষ উপকৃত হবেন।
এ বিষয়ে রজনীকান্ত বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তিটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। প্রতিটা পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষদের কাছে, যারা আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমার পরিবার এক পয়সাও পাবে না। কারণ তামিলের জনগণই আমার সিনেমার টিকিট কিনে আমার কর্মজীবনে সমর্থন জুগিয়েছেন। তার প্রতিদান হিসেবেই আমার এই সিদ্ধান্ত।’
তামিল জনগণের প্রতি কৃতজ্ঞতার কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা আরও বলেন, ‘টিকিটের দাম যখন যেরকমই থাকুক না কেন, এখানকার মানুষ সবসময়েই আমার সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে।’
একসময় বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা রজনীকান্ত আজ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা। দীর্ঘ অভিনয়জীবনে অর্জিত সাফল্যের কৃতিত্ব ভক্তদের দিতে চান তিনি। মৃত্যুর পর সম্পত্তি জনকল্যাণে ব্যয়ের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান সুপারস্টার।