শি-ট্রাম্প-পুতিনের নজিরবিহীন বৈঠক ঘিরে বিশ্বজুড়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। সেখানে তাঁকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শহরটিতে অবস্থান করছেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার তিন নেতার নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) শেনজেন বিমানবন্দরে পৌঁছালে ট্রাম্পকে অভ্যর্থনা জানান শি। এর আগে এই তিন রাষ্ট্রনেতা কখনো একসঙ্গে আলোচনার টেবিলে বসেননি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সাধারণত বিদেশি রাষ্ট্রীয় অতিথিদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান না। ফলে ট্রাম্পকে স্বাগত জানাতে শির উপস্থিতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ের আগ্রহের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
শি সর্বশেষ কোনো রাষ্ট্রীয় অতিথিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছিলেন চীনের ভাইস-প্রেসিডেন্ট থাকাকালে। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন।
চলতি বছরের শুরুতে শি যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ট্রাম্পও।
ট্রাম্পের আগে বুধবার দিনের শুরুতে শেনজেনে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান শি জিনপিংয়ের প্রভাবশালী সহযোগী কাই কি।
তিন নেতার সম্ভাব্য বৈঠককে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চীনের প্রযুক্তি ও শিল্পনগরী শেনজেন। দেশটির অন্যতম উন্নত শহর হিসেবে পরিচিত এই নগরী প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র।