রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় বৃহস্পতিবার

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান গণহত্যা ছিল কি না, সেই প্রশ্নে বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত এই আদালতের বহুল আলোচিত রায়ের দিকে তাকিয়ে আছেন রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক আইনে গণহত্যার মতো গুরুতর অপরাধের দায় রাষ্ট্রের ওপর কীভাবে নির্ধারিত হবে, এই মামলার রায় তার গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে। ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে এক দশকেরও বেশি সময় পর কোনো সুনির্দিষ্ট মামলায় রায় দিতে যাচ্ছে আইসিজে।
রোহিঙ্গাদের কাছে এই রায় ন্যায়বিচার পাওয়ার বিরল এক প্রত্যাশা তৈরি করেছে। তাঁদের আশা, আদালতের সিদ্ধান্তের মধ্য দিয়ে দীর্ঘদিনের নির্যাতন ও দুর্ভোগের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার পথ এগোবে।
মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক গণহত্যার অভিযোগ রয়েছে। এর মধ্যে ইন দিন গণহত্যাকাণ্ড বিশেষভাবে আলোচিত। ওই ঘটনায় স্বামী ও ভাইকে হারিয়েছেন ৩৪ বছর বয়সী হাসিনা খাতুন। তিনি বলেন, ‘সেনাবাহিনী আমার স্বামী এবং গ্রামের অন্য পুরুষদের ধরে নিয়ে গিয়েছিল। আমরা নিজেদের চোখেই তা ঘটতে দেখেছি।’
হাসিনা বলেন, তাঁর স্বামীকে নিয়ে যাওয়ার পর সন্তানদের ক্ষুধায় কান্না থামত না। তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। সাহায্য করার মতো কেউ ছিল না। কোনোভাবে প্রাণ নিয়ে বাংলাদেশে পৌঁছান তাঁরা।
বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন হাসিনা। বাঁশ ও প্লাস্টিকের ত্রিপল দিয়ে তৈরি ছোট্ট ঘরে ১৪, ১২ ও ৯ বছর বয়সী তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার।
হাসিনা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এই রায়ের অপেক্ষায় আছি। আশা করছি, এটি আমাদের জন্য ন্যায়বিচার বয়ে আনবে এবং বাড়ি ফেরার পথ সুগম করবে। আমরা মর্যাদা, নিরাপত্তা, নাগরিকত্ব ও পূর্ণ অধিকার নিয়ে মিয়ানমারে ফিরে যেতে চাই।’
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গণহত্যার অভিপ্রায় নিয়ে নজর
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার রায়ের প্রভাব মিয়ানমারের সীমানা ছাড়িয়ে অন্য গণহত্যার অভিযোগসংক্রান্ত বিচারিক কার্যক্রমেও পড়তে পারে। এর মধ্যে রয়েছে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলাও। তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।
২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়। ওই অভিযানের মুখে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। গাম্বিয়ার দাবি, এই অপরাধের দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে নিতে হবে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাঁদের ওপর হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো নৃশংসতার বিবরণ দিয়েছেন। জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশনও বলেছিল, মিয়ানমারের সামরিক অভিযানে এমন কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, যা গণহত্যার পর্যায়ে পড়তে পারে।
তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, দেশটির সেনাবাহিনী বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছিল।
আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণ করা কঠিন। কারণ, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায় ছিল—এটি প্রমাণ করতে হয়।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও’ব্রায়েন বলেন, মিয়ানমারের মামলার সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রমের কিছু মিল রয়েছে। বিশেষ করে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব হিসেবে সামরিক অভিযান পরিচালনার যুক্তির ক্ষেত্রে এই মিল দেখা যায়।
আইনজীবীরা বিশেষভাবে পর্যবেক্ষণ করবেন, জাতিসংঘের তদন্ত দলের দেওয়া তথ্য আদালত কীভাবে মূল্যায়ন করে। গাজা ও মিয়ানমারে গণহত্যার অভিপ্রায়ের বিষয়ে তদন্ত দল যে তথ্য দিয়েছে, তা বিচারকেরা কতটা গুরুত্ব দেন, সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া গণহত্যার উদ্দেশ্য নির্ধারণে হত্যাকাণ্ডের পাশাপাশি নারী ও শিশুদের ওপর সংঘটিত অপরাধগুলো বিবেচনায় নেওয়া হয় কি না, তা নিয়েও আগ্রহ রয়েছে তাঁদের।
এশিয়া জাস্টিস কোয়ালিশনের প্রধান ও আন্তর্জাতিক আইনজীবী প্রিয়া পিল্লাই বলেন, এই মামলার রায় অন্য গণহত্যার মামলাগুলোকেও নিঃসন্দেহে প্রভাবিত করবে।
হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যা হিসেবে স্বীকৃতি পাওয়া ঘটনার সংখ্যা খুব বেশি নয়। এর মধ্যে রয়েছে ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিকা গণহত্যা এবং ১৯৭০-এর দশকের শেষ দিকে কম্বোডিয়ায় খেমার রুজের সংঘটিত অপরাধ।
গাম্বিয়া মামলায় মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়ারও অনুরোধ জানিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা। আইসিসিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধে ব্যক্তির বিচার করা হয়। আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত।
সূত্র: রয়টার্স।